কক্সবাজারের উখিয়ায় মাছবোঝাই একটি মিনি পিকআপে থাকা অতিরিক্ত চাকায় বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৭ জুন) সকালে এ তথ্য জানান।
আটককৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে মো. শফিক (৩৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করতে গেলে চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
তল্লাশির সময় অতিরিক্ত চাকার ভেতর কালো টেপে মোড়ানো ২৩টি ছোট প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি সেগুলো বহন করছিলেন। পরে তাকে ও গাড়িটি তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।