কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলিসহ সৈকত (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাগজত বাজার এলাকায় এদিন অভিযান চালানো হয়। এ সময় সৈকতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।