কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (২৮ জুন) সকালে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহেদ (২৪)। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব, রাসেল ও শাহেদ তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। তারা গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা-পেকুয়া সড়কে ওঠার সময় পেকুয়াগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা এসে আহত আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। আহত শাহেদের চিকিৎসা চলছে।
বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা। একজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে এবং অন্যজনের মরদেহও হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।