চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় নিহতের নানী সাজেদা খাতুন আহত হন। নিহত স্বর্ণা খাতুন (১) মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে স্বর্ণাকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা ও নানী। পরে ভ্যানে করে ফিরছিলেন তারা। পথে একটি মোটরসাইকেল তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে স্বর্ণা তার মায়ের কোল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। এসময় তার নানী সাজেদা খাতুনও আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।