ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়ক থেকে খালে গিয়ে পড়েছে। এসময় মাসুক মিয়া (১৮) ও আরশাদ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে এবং আরশাদ একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই কিশোর নিহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।