মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে গেছে। উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ায় বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
আক্কাস আলী (৪৫) গাংনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কসবা গ্রামের রজব আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির সিঁড়ির নিচে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি ও পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপও করা হয়। পরিবারের সদস্যদের ধারণা, ওই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।
উদ্ধার হওয়া চিরকুটে পানি চলাচলে বাধা না দেওয়ার নির্দেশের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’