বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বাগেরহাট-ফকিরহাট আঞ্চলিক সড়কে সদর উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে রাজ বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। পথে রণবিজয়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজ বাগেরহাটের সুন্দরঘোনা এলাকার সুলতান শেখের ছেলে।
খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর মাহেন্দ্রর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পলাতক মাহেন্দ্রর চালককে শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।