মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে একটি অটোভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার ঝিনাইর গেট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।
আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)।
লিটন মিয়া উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে করে পাশের গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যান ও কাভার্ডভ্যান দুটোই দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এই প্রাণঘাতীর ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, দুর্ঘটনার পর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।