কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাজারহাট থেকে তিস্তার দিকে যাচ্ছিল ট্রাকটি। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলী নামে একজন মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন- মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং অটোরিকশার চালক দুলুসহ চারজন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।