ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই তিনটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল, যার মধ্যে সামনে থাকা পিকআপটি বাসের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। আহত দুজন বাসের চালক ও সহযোগী (হেলপার)।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।