পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
ট্রেনটি মঙ্গলবার (৭ জুলাই) ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে যাত্রী ও স্টেশনের কর্মীরা ছাদে এক কিশোরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পাকশী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, ট্রেনটি বড়াল সেতু অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ের সঙ্গে ওই কিশোরের মাথার সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিরব বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। পাকশী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।