জেলায় অব্যাহত টানা ভারি বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলার সাজেক ভ্যালীর সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।
সর্বসাধারণের উদ্দেশে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস বা পাহাড় ধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
আরও বলা হয়েছে, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এ সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।