জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, মামলার এজাহার, সাক্ষীদের জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন এবং উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে ইসমত আরার সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। ঘটনার আগের দিন ইসমত আরার ভাই তাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে আনোয়ার বাধা দেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের মধ্যে আনোয়ার হোসেন নিজ বাড়িতে স্ত্রী ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন। পরে মরদেহ হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় ২০১২ সালের ১২ ডিসেম্বর নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।