ঢাকার কেরানীগঞ্জে ঢালাইবাহী ট্রাকের ধাক্কায় মীর আহাম্মেদ হোসেন (৫৪) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। পোস্তগোলা সেতু এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর আহাম্মেদ হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তিনি রাজধানীর গেন্ডারিয়া এলাকার ৫২ কোঠায় বসবাস করতেন। তার বাবার নাম মীর মোখলেস হোসেন পাগলা। তিনি দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ থেকে ঢাকার দিকে মোটরসাইকেলে আসছিলেন মীর আহাম্মেদ। সকাল ১১টার দিকে ইকুরিয়া বিআরটি হয়ে পোস্তগোলা সেতুতে ওঠার সময় পেছন থেকে আসা একটি ঢালাইবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিহতের মেয়ে তামান্না জাহান বলেন, ‘বাবার শরীরে বড় ধরনের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই আমাদের ধারণা, মোটরসাইকেল চালানোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। সম্ভবত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।