মাদারীপুর সদর উপজেলায় ৩০টি মামলার পলাতক এক আসামিকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১২ জুলাই) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে থেকে আল-আমিন হাওলাদার (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন হাওলাদার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় আল-আমিনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতি জব্দ করা হয়। পরে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) মাধ্যমে যাচাই করে তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় মোট ৩০টি মামলার তথ্য পাওয়া যায়।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।