শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল বোর্ডের সামনে আসে।
এ সময় পরীক্ষার্থী আদনান হোসেন বলেন, ‘আমাদের এভাবে কোনো কটুক্তি করার অধিকার শিক্ষা মন্ত্রী রাখে না। তিনি প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুক। তা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে।’
আরেক পরীক্ষার্থী তন্ময় অভিযোগ করে বলেন, ‘এমন প্রশ্নপত্র করছে যা বইতেই খুঁজে পাই না। আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে আমাদের আবার ফার্মের মুরগি বলছে।’
হুমায়রা নামের এক শিক্ষার্থী বলেন, ‘ঢাকায় আমাদের আন্দোলনকারীদের ওপর কেন লাঠিচার্জ করা হলো। এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। আমাদের সাথে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবারে আমাদের সাথে যা হয়েছে ২৭ সালের ব্যাচের সাথে এমনটা হবে না।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন যে- কেন্দ্রে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। আমি তাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি। তারা আমার কাছে জানতে চেয়েছে পরীক্ষায় যেমন কড়াকড়ি হয়েছে উত্তরপত্র মূল্যায়নেও এমন কড়াকড়ি হবে কিনা। তখন আমি বলেছি শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ণে কড়াকড়ি থাকে না।’