মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের নয়জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী-সমর্থকও দলীয় কার্যক্রম থেকে নিজেদের অব্যাহতির ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে চেয়ারম্যানের নিজ বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অমিত হোসেন কবির।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন, মো. পায়েল বেপারী, মো. রুহুল হাওলাদার, মো. মিল্টন মিয়া, মো. রফিকুল হাওলাদার, মো. রিন্টু, মো. জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য মোসা. হাওয়া বেগমও দলীয় রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দেন। তাদের এ সিদ্ধান্তে শতাধিক নেতাকর্মী ও সমর্থক সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে অমিত হোসেন কবির বলেন, ‘জনগণের সেবা এবং তাদের পাশে থাকার লক্ষ্যেই আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি। বর্তমান পরিস্থিতিতে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থ বিবেচনায় আওয়ামী লীগের সব ধরনের পদ ও রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে দলের সঙ্গে আমার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা থাকছে না।’
তিনি আরও বলেন, ‘আমি জনগণের ভোটে দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান দায়িত্ব। বর্তমান বাস্তবতায় নিষিদ্ধ ঘোষিত একটি দলের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কার্যকরভাবে কাজ করা সম্ভব নয়। তাই আমি দল থেকে অব্যাহতি নিয়েছি। আমার সঙ্গে ইউনিয়ন পরিষদের নয়জন সদস্যও একই সিদ্ধান্ত নিয়েছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে তার সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।