হাসপাতালে সেবা পাচ্ছেন না রোগীরা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও চিকিৎসকের দেখা না পেয়ে অনেকেই চিকিৎসাসেবা ছাড়াই বাড়ি ফিরে গেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় থাকলেও নির্ধারিত কয়েকটি কক্ষে কোনো চিকিৎসক নেই। চিকিৎসকের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা।
চিকিৎসা নিতে আসা মোবারাক হোসেনের এক স্বজন বলেন, ‘আজ তিনটি টিকিট কেটেছি। রুম নম্বর ১০৩, ১১২ ও ২০৬-এ চিকিৎসকের দেখানোর কথা ছিল। কিন্তু কোনো কক্ষেই চিকিৎসক পাইনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছে।’
হাসপাতালে আসা আরও কয়েকজন রোগী জানান, চিকিৎসক না থাকায় তারা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে যাচ্ছেন। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, একটি আনন্দ ভ্রমণে অংশ নিতে কর্মস্থলের বাইরে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ চিকিৎসক এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আয়োজিত এক আনন্দ ভ্রমণে গিয়েছেন। তাই তারা হাসপাতালে আসতে পারেননি।
তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. বাহারুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে চিকিৎসকদের অনুপস্থিতির কারণ সম্পর্কে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
চিকিৎসক অনুপস্থিতির ঘটনায় রোগীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা সরকারি হাসপাতালে নিয়মিত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করে সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।