খেলার মাঠ পড়ে আছে, বন্ধ রয়েছে খেলাধুলার আয়োজন। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে থাকা মাঠে এবার কচুর চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
মাঠ সংস্কার, খেলাধুলা চালু ও আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট আয়োজনের দাবিতে শনিবার (৮ আগস্ট) বিকেলে কলেজের বাণিজ্য ভবনের মাঠে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আন্দোলন ও প্রশাসনের আশ্বাস দেওয়া হলেও মাঠ সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবি, ২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলাধুলার আয়োজন হয়নি। অথচ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর খেলাধুলার ফি বাবদ বছরে ৯০ টাকা করে প্রায় ২৭ লাখ টাকা আদায় করা হয়। দীর্ঘদিন মাঠ ব্যবহার অনুপযোগী থাকলেও ওই অর্থের বিনিময়ে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, মাঠ সংস্কার, খেলাধুলা চালু, অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করা হয়েছে। ২০২৫ সালে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের পর কলেজ প্রশাসন মাঠ সংস্কারের আশ্বাস দেয়। তবে এক বছর পার হলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি।
চলতি বছরের মে মাসে ফি-এর বিপরীতে সেবা নিশ্চিত করা ও আন্তঃবিভাগ টুর্নামেন্ট আয়োজনসহ ১০ দফা দাবি জানানো হয়। পরে অধ্যক্ষের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, কমিটির একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া যায়নি। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য কমিটি করা হলেও সেটিও বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে মাঠে কচুর চারা লাগিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘আজকের কর্মসূচি আমাদের প্রতীকী আন্দোলন। এর মাধ্যমে কলেজ প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের ভুয়া আশ্বাস দিয়ে থামিয়ে রাখা যাবে না। প্রশাসনের ব্যর্থতা ও নীরব ভূমিকার বিরুদ্ধেই প্রতীকীভাবে কচুর চারা লাগানো হয়েছে।’
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির সিকদার বলেন, ‘২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলার আয়োজন করা হয়নি। অথচ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে বছরে ৯০ টাকা করে প্রায় ২৭ লাখ টাকা নেওয়া হয়। এত টাকা নেওয়ার পরও খেলাধুলা বন্ধ কেন?’ দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান তিনি।
তবে কলেজ প্রশাসনের দাবি, মাঠে খেলাধুলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় মাঠটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলাম বলেন, ‘টুর্নামেন্ট আয়োজনের জন্য অনেক কাজ এগিয়ে নেওয়া হয়েছিল। আগে মাঠের চারপাশে রাস্তা ছিল না। এখন রাস্তা হওয়ায় বৃষ্টির পানি মাঠে জমে যাচ্ছে। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়। এ সমস্যা সমাধানে সিটি করপোরেশনের সঙ্গে কথা হয়েছে এবং একটি প্রকল্প নেওয়া হয়েছে। পানি কমলে মাঠে খেলাধুলার আয়োজন করা হবে।’