হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণগ্রাম ইনাতগঞ্জ এলাকার কাশেম মিয়া (৫০)।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকামুখী একটি পিকআপভ্যানের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় পিকআপের চালকসহ কয়েকজন আহত হন।
গুরুতর আহত ময়না মিয়া ও কাশেম মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপভ্যান সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।