বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছাত্র ইয়াসিন আরাফাত নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইয়াসিন আরাফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১১টা থেকে ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তার সহপাঠিরা। এর আগে রাত ৮টার দিকে ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।
জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে রাতে সেখানে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভুমিকা সরকার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাস্তা মেরামতসহ নানা ধরনের দাবি জানালেও তা পূরণ করা হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো রক্তপাত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয় না।’
এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান জানান, তিনি ঢাকা মেডিকেলে আছেন। ইয়াসিন মারা গেছেন। তার মরদেহ বাড়িতে পৌছানোর প্রক্রিয়া চলছে।