জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক (২৭) নামের এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। এর আগে ভোর সাড়ে ৪টা দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়িকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল হক ইসলামপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি এলাকায় সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে প্রাইভেটকার করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন বিচারক সামিউল। গাড়িটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা বিচারক সামিউল হক ও গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সামিউল মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।