১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপনে সংগঠিত করে খিচুড়ি রান্নার প্রস্তুতি নেওয়া এবং দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।