লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে বেশ কিছু দূর টেনে নিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পাশাপাশি শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।