নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ জসিম (২৪) ইসদাইর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রেজ্জাক বেপারীর ছেলে। গ্রেপ্তার অপর মাদক ব্যবসায়ী মোহনের (২৩) বাড়িও একই এলাকায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জসিম গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় জসিম ও মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।