সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিস্ফোরণের শব্দে কেপে ওঠে পুরো এলাকা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সেখান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, রাত ১২টার দিকে তাদের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। পরে সেগুলো বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।