অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে সোমবার বিকেল থেকে কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ সেখানে গিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে।
এসময় মাহদী পুলিশ সদস্যদের সঙ্গে যেতে চাচ্ছিলেন না। তিনি বারবার জিজ্ঞেস করতে থাকেন, ‘আজব, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন। আমাকে টেনে নিয়ে যাবেন না কি? আমি সাংবিধানিক কাজ করছি। আমার কি কোনো অধিকার নাই।’
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।’
তবে আটক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়েরের তথ্য জানায়নি পুলিশ।