কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক নববিবাহিত বরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরাকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বৌভাতের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। এ উপলক্ষে রাতে বাড়িতে অতিথিদের জন্য প্যান্ডেল ও আলোকসজ্জার কাজের তদারকি করছিলেন আনাস।
তদারকির একপর্যায়ে রাত ২টার দিকে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান চলছিল না। পরে সেটি ধরে চালানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাসের আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই বিয়ের আনন্দের বাড়ি পরিণত হয় শোকের মাতমে। স্বামীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন নববধূ সাইরা খাতুন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, ‘স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আনাসের মৃত্যু হয়েছে। আজ বউ উঠিয়ে আনল, আর শুক্রবার বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।’