কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাফর আলমের মেয়ে। সে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাহারিয়াঘোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন এলাকায় মহাসড়কের পাশে জামাল সওদাগরের দোকানের সামনে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা শিক্ষক জাফর আলম বলেন, ‘আমার মেয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমি এই কষ্ট কীভাবে সইবো।’
স্থানীয়রা বলেন, বাবা-মায়ের জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তানহার এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর কিছুক্ষণ আগে পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।