হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে দেড় মাস পর আবারও ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ভাঙন দিয়ে প্রবল স্রোতে লোকালয়ে পানি ঢুকছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি কৃষিজমি ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়। পরে ভাঙন দিয়ে প্রবল স্রোতে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।
স্থানীয়রা জানান, এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। তখন ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের দাবি, ওই ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়।
বাঁধ ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড মেরামতের কাজ শুরু করে। তবে কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই দেড় মাসের ব্যবধানে একই বাঁধে ফের ভাঙন দেখা দেওয়ায় তাঁদের মধ্যে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত দুই থেকে তিন দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ফলে উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসায় খোয়াই নদীর পানি বেড়েছে। বাঁধের মেরামতের কাজ চলমান থাকলেও এরই মধ্যে একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে কৃষিজমি ও ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।