পটুয়াখালীর দুমকীতে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে পদধারী ও পদবঞ্চিত নেতাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুমকী উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি দুমকী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের একটি কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
একাধিক সূত্র জানায়, জেলা বিএনপির রাজনীতিতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপির অনুসারীদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের অনুসারীদের মধ্যে বিরোধ রয়েছে। নবগঠিত যুবদল কমিটিতে আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা পদ পেয়েছেন বলে জানা গেছে।
যুবদল সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই দুমকী শহরে উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়।
শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির পদধারী নেতাকর্মীরা আনন্দ মিছিলের জন্য উপজেলা পরিষদের পশ্চিম গেটে অবস্থান নেন। অন্যদিকে মিছিল প্রতিহত করতে পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলা পরিষদের পূর্ব গেটে অবস্থান নেন।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে পদবঞ্চিত অংশের নেতাকর্মীদের ধাওয়ায় নবগঠিত কমিটির পদধারী গ্রুপটি পিছু হটে। সর্বশেষ পরিস্থিতিতে শহরের বিভিন্ন এলাকায় পদবঞ্চিত নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়।
দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও পদবঞ্চিত নেতা মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, ‘যুবদলের ঘোষিত পকেট কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি। এ কমিটি বাতিলের দাবিতে আমরা আন্দোলন করছি। অযোগ্য এ কমিটি যতদিন বাতিল না হবে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না।’
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদ ইসলাম রুবেল বলেন, সংঘর্ষে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি। গুরুতর আহত আব্দুল ওহাব নামে এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মীরা একই এলাকায় কর্মসূচি পালনের প্রস্তুতি নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুবদলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।