সিলেটে বিক্রির জন্য দেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে দেখার (ট্রায়াল) কথা বলে নিয়ে পালানোর চেষ্টা করেছেন এক পুলিশ সদস্য। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোরসালিন কবিরকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট জেলা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত কনস্টেবল মোরসালিন কবির বিয়ানীবাজার থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকায় সাইদুর রহমান নামে এক যুবক ফেসবুকে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে ওলিউল ইসলাম নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে কনস্টেবল মোরসালিন হেতিমগঞ্জ এলাকায় গিয়ে মোটরসাইকেলটি দেখেন।
একপর্যায়ে মোটরসাইকেলটি ট্রায়াল দেওয়ার কথা বলে সেটি নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের মালিক সাইদুর রহমান ও স্থানীয়রা ধাওয়া দিয়ে বইটিকর এলাকায় তাকে আটক করেন।
আটকের পর বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে থানায় সোপর্দ করে। পরে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, কনস্টেবল মোরসালিন ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়ে অনিয়ম করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে।