টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা বাইপাস এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- ট্রাকচালক শেরপুর জেলার সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুর ভূইয়া।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা একটি কাভার্ডভ্যানেকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটির চালক ও হাঁস-মুরগির পাইকার নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।