নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে ধানক্ষেতে ছিটানোর কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রিয়া আক্তার। পরে মঙ্গলবার দিবাগত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। কিন্তু ঠিকমত লেখাপড়া ও সংসারে কোনো কাজকর্ম না করায় তার দাদি বকাঝকা করেন। এতে অভিমানে মঙ্গলবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাদির ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।’