সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বালুচরহাটি এলাকায় ধানক্ষেত থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের কংকাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে একটি কংকাল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কংকালসহ মাথার খুলি ও অন্যান্য অংশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট সোনাপুর গ্রামে মারজান হোসেন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় তার বাবা আব্দুর রশিদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ মারজান হোসেনের কংকাল হতে পারে। বিষয়টি তদন্তাধীন।
বর্তমানে কংকালটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।