নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে এক কৃষকের গোয়ালঘরে দুটি গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখানে একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন তিনি। রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দুটি গরুকেই জবাই করা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটিকে জবাই করেছেন দুর্বত্তরা। কৃষক আব্দুস সাত্তার জানান, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। কারা, কেন এ কাজ করেছেন কিছুই বুঝে উঠতে পারছিনা। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরু গুলো জবাই করা অবস্থায় পড়ে আছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।