বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুকুর থেকে সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির হাওলাদার রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।
নিহতের বাবা ইউনূস হাওলাদার জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে সাব্বির চা খেতে দোকানে যায়। পরে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজা হলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। পূর্ব শত্রুতার কারণে ছেলে হত্যা করা হয়েছে বলে মনে করেন সাব্বিরের বাবা। তিনি অপরাধীদের সনাক্ত করে বিচারের দাবি জানান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামিরুন হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত কারণ জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।