চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচজন শিশু ও দুজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা সবাই পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। পরে তারা কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই বাংলাদেশে পুনরায় অনুপ্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিক যাচাই শেষে জিডির মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।