চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তে বাংলাদেশের ভেতরে মাছ ধরতে এসে দুই ভারতীয় নাগরিক আটক হন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯-আরএস থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে পূর্ণভবা নদীতে মাছ ধরতে আসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের বাচ্ছু মহলদার (৩৫) ও রাজু মহলদার (২২)। এ সময় গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আব্দুল মমিন (৩০) ও সুমন খান (৩২) মাছ ধরতে গিয়ে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করে বেগপুর গ্রামে নিয়ে যায়।
পরে বিষয়টি জানতে পেরে টিলাশন বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষ চাড়ালডাঙ্গা বিওপিকে জানায়। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে বিজিবি দ্রুত অভিযান চালিয়ে আটক দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে।
এরপর বুধবার বিকেল সোয়া ৫টায় চাড়ালডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম নিশ্চিত করেছেন।