নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই চিঠিতে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, এডভোকেট আব্দুর রহীম চুন্নুর আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে একলাশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বাহারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। জনস্বার্থে মো. আবু বাহারের পরিবর্তে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেনকে একলাশপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহীম চুন্নু জানান, প্রায় ১৬ মাস দায়িত্ব পালনকালে বাহার বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। বেশ কিছু প্রকল্পের দৃশ্যমান কোন কাজ না করে টাকা উত্তোলন করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নাম ভাঙ্গিয়ে ১০টি প্রকল্প পাস করিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে উপজেলা প্রশাসন তদন্ত করে লিখিত অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করেন।
যোগাযোগ করা হলে মো. আবু বাহার অভিযোগ নাকচ করে জানান, প্রথম থেকেই আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে একটি পক্ষ। তারা আমাকে বলে আপনি পদত্যাগ করেন, না হলে ৩০টি অভিযোগ দেব।
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করে আমাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সচল রাখা ও জনসেবা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।