কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা বাতিলের পাল্টাপাল্টি আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) প্রার্থিতা বাতিলের শেষ দিনে এ আবেদন করেন তারা।
হাসনাত আব্দুল্লাহ এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। অপরদিকে মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি মনোনীত প্রার্থী।
এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে বলে জানা যায়। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে।
তবে বিকেল পাঁচটার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। এদিকে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।
এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।