সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাটখোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহেরা বেগম ওই গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জাহেরা বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে প্রবেশ করে তাকে কামড়ে আহত করে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে রাতেই দায়িত্বরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিয়ালের কামড়ে আহত ওই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।