ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সঙ্গে জুটমিলের শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০জন। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর পাঠানো হয়েছে। পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন বিকেল আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকট রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
এ দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ মো আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।