সাতক্ষীরায় নারীদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৪১টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে এই সনদ ও স্বীকৃতি তুলে দেওয়া হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জানায়, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে শো-পিস ও হ্যান্ডিক্রাফ্ট, টেইলরিং, বিউটিফিকেশন, কম্পিউটার এবং মোবাইল সার্ভিসিং— এই পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে সরাসরি আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার বলেন, ‘নারীরা দক্ষ হলে পরিবার থেকে রাষ্ট্র— সবাই উপকৃত হয়। এই প্রশিক্ষণ শুধু সনদের জন্য নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতার ভিত গড়ে দিতেই আমাদের এই উদ্যোগ।’
কর্মসূচি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন শুধু কোনো স্লোগান নয়, এটি সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। একজন নারী যখন আয়মুখী দক্ষতা অর্জন করেন, তখন তিনি পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তের অংশীদার হয়ে ওঠেন।’
চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, ‘দক্ষতা অর্জনের পাশাপাশি এই নারীদের তৈরি পণ্যের বাজারজাতকরণ বা বাজারসংযোগ নিশ্চিত করা জরুরি। তবেই এই উদ্যোগের পূর্ণ সফলতা আসবে।’
প্রশিক্ষণার্থীদের পক্ষে সোহানা আক্তার শান্তা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে আমি এখন ঘরে বসে আয় করতে পারছি। এর ফলে পরিবারে আমার মূল্যায়ন আগের চেয়ে অনেক বেড়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রশিক্ষক নূরীয়া নাজনিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষণের আনুষঙ্গিক আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রান্তিক পর্যায়ের নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।