জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ককটেল হামলা চালিয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করেছে। স্থানীয়রা বি বিস্ফোরণের আওয়াজ শুনলেও বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে পাওয়া প্লাস্টিকের টুকরাটি পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।