লালমনিরহাটের পাটগ্রামে তিনটি বিরল প্রজাতির অসুস্থ শকুন উদ্ধার করেছে বনবিভাগ। শকুনগুলোর প্রতিটির ওজন প্রায় ৭ কেজি। বুধবার (১৪ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার ব্যাংককান্দা এলাকা থেকে ওই শকুন উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার জগতবের ও ব্যাংককান্দা এলাকায় একটি ভুট্ট ক্ষেতে একটি শকুনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা শকুনটি উদ্ধার করে উপজেলা বনবিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে বনবিভাগের কর্মকর্তারা এসে একে একে তিনটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করে।
পাটগ্রাম উপজেলার ব্যাংককান্দা গ্রামের আলাউদ্দিন প্রধান বাদশা বলেন, শকুনটি পাড়ায় ভুট্টা খেতে পরে ছিল। শকুনটি বাড়িতে নিয়ে এসে বনকর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম উপজেলার বনকর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘এই শকুনগুলো মূলত হিমালয়ের পাদদেশের। শীতজনিত কারণে অসুস্থ হয়ে এরা বিভিন্ন জায়গায় পড়ে থাকে। শকুন তিনটি দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে। সুস্থ হলে তাদের অবমুক্ত করা হবে।