ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাত তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ দিকে আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যান। তবে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মী আবু সায়িদ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় ১৫ মিনিটের মাথায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।