মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ৬১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুই বোনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই বোন হলেন- উপজেলার কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের দুই মেয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কুমারভোগ ঈদগাহ এলাকায় অভিযান চালায়।
এসময় সেখানে মাদক বিক্রির বিক্রির সময় হাতেনাতে ইতি ও কাকলী নামে দুই বোনকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পুলিশ ওই মাদক জব্দ করে।
গ্রেপ্তার দুজনর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।