সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আলোচিত সামালোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন বিএনপি সমর্থিত আইনজীবী আব্দুল আলীম। অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অভিযোগ তদন্ত করে আগামী ৬ এপ্রিল তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মখলেচুর রহমান।
মামলার বাদি ও আইনজীবী আব্দুল আলিম বলেন, আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে।
তিনি বলেন, ‘ আমির হামজার মন্তব্যে বিএনপিসহ আমাদেরও এ ঘটনায় মানহানি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হোক।’