আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
বগুড়া-৬ আসনে নির্বাচন উপলক্ষ্যে ওই মতিনিবময় সভায় বগুড়া জেলা বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও দলটির সদর উপজেলা ও শহর কমিটির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, বগুড়া-৬ আসনে প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণের জন্যই ওই সভার আহ্বান করা হয়। সভা শেষে দুপুর ১২টার পর তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারেক রহমান দলীয় নেতাদেরকে নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।
বর্তমানে দলে নিজের অবস্থান অর্থাৎ দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমার পক্ষে আগের মত আপনাদের সময় দেওয়া সম্ভব হবে না এবং বগুড়ায় অবস্থান করাও সম্ভব হবে না। এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে ধানের শীষের কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে।’
বগুড়াবাসীর প্রতি নিজের ভালবাসার কথা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমান বলেন, ‘দল যখন ক্ষমতায় ছিল তখন বগুড়ার জনগণের উন্নয়নে আমরা কাজ করেছি। আবার যখন বিরোধী দলে ছিল তখন শীত বস্ত্র বিতরণ এবং বন্যার্তদের সহায়তাসহ নানা ধরনের কাজ করা হয়েছে।’ আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, ‘বগুড়ার কোথায় কি করতে হবে সেটা তিনি জানেন।’
১২ ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের পাশাপাশি ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে দলের স্থানীয় নেতাদেরকে তিনি বলেন, আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।